ইপেপার / প্রিন্ট
জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের কথিত ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে ব্যতিক্রমী অবস্থান কর্মসূচি পালন করেছেন নারীরা। হাঁড়ি-পাতিল ও গ্যাসের চুলা হাতে তারা সরকারের কাছে দ্রুত সংকট সমাধানের দাবি জানান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর পল্টনে ১১ দলীয় জোটের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিকে কেন্দ্র করে পল্টন জিরো পয়েন্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া আছিয়া খাতুন বলেন, গ্যাসের অভাবে অনেক পরিবার নিয়মিত রান্না করতে পারছে না। বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। তিনি দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবি জানান।
অবস্থান কর্মসূচি থেকে ১১ দলীয় জোট ১০ দফা দাবি উত্থাপন করে। দাবির মধ্যে রয়েছে—গত তিন মাসে আদায় করা কথিত ভূতুড়ে বিদ্যুৎ বিলের গণশুনানি, দোষীদের শাস্তি, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ, প্রিপেইড ও পোস্টপেইড মিটারের ডিমান্ড চার্জ ও অন্যান্য অযৌক্তিক ফি বাতিল এবং বিদ্যুৎ বিলিং ব্যবস্থায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা।
এছাড়া গ্যাস সরবরাহ না থাকলে বিল আদায় বন্ধ, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, মহেশখালী এলএনজি টার্মিনালের কার্যক্রম তদন্ত, বিকল্প জ্বালানি পরিকল্পনা, গ্যাসের সিস্টেম লস ও চুরি রোধ, শিল্প ও বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং জ্বালানি খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।