ইপেপার / প্রিন্ট
বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিস্ট সরকারের সময়ের কিছু আচরণের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের আমলে তারা এবং বিএনপি উভয়েই জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ মুক্তি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই সময়ের অভিজ্ঞতা দ্রুত ভুলে গিয়ে বিএনপির মধ্যে ফ্যাসিস্টদের কর্মকাণ্ডের ‘ফটোকপি’ দেখা যাচ্ছে।
তিনি বিএনপিকে অতীতের রাজনৈতিক পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তার দাবি, অতীতে বিরোধী মত দমনে যেভাবে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের অভিযোগ উঠেছিল, বর্তমানে একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হচ্ছে।
জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে বৈষম্য এবং জনগণের ভোটের অধিকারকে সম্মান না করার বিষয়গুলো গুরুত্বপূর্ণ। জনগণের মতামত ও ভোটাধিকারকে সম্মান করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. সামসুল আলমের প্রসঙ্গও তুলে ধরেন শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় রয়েছে এমন একজনকে গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগ দেওয়ার ফলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।