ইপেপার / প্রিন্ট
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে সরকার আশাবাদী।
রোববার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম জানান, বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। এ নিয়ে দুই দেশের মধ্যে কাগজপত্র আদান-প্রদান হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু নির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছিল, যা বাংলাদেশ সরকার সরবরাহ করেছে বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শিগগিরই অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আইন অনুযায়ী বিষয়টি দেখছে। বাংলাদেশের সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে। এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।