ইপেপার / প্রিন্ট
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ হয়েছে, এখন দেশ গড়ার পালা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য।
শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ’ শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর এখন সংঘাতের রাজনীতির পরিবর্তে দেশ গড়ার রাজনীতিতে মনোযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চা, কার্যকর সংসদীয় ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ইতিহাস সংরক্ষণে ফটোজার্নালিস্টদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
মন্ত্রী বলেন, সংগ্রামের ইতিহাস সংরক্ষণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাও সবার দায়িত্ব।