ইপেপার / প্রিন্ট
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর তিন দিনের বাংলাদেশ সফর শেষ করেছেন। সফরকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিশেষ দূত সার্জিও গর ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করেন।
ঢাকায় অবস্থানকালে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে প্রভাবিত করা বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করেন। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট মানবিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নেন।
মার্কিন দূতাবাসের প্রেস নোটে বলা হয়েছে, সার্জিও গরের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপকতা ও গভীরতার বিষয়টি তুলে ধরা হয়েছে।
সফরটি দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা আরও জোরদারে পারস্পরিক আগ্রহের প্রতিফলন বলেও মনে করা হচ্ছে।