ইপেপার / প্রিন্ট
ওমানের উপকূলের কাছে একটি ট্যাংকার জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল দিয়ে হামলা চালানো হয়েছে। এতে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত হামলায় কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (১ আগস্ট) ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।
ইউকেএমটিও জানায়, ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ট্যাংকারটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে জাহাজটির ব্যাপক ক্ষতি হয় এবং ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হওয়ায় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
ঘটনার পর আঞ্চলিক কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে। কর্তৃপক্ষ হামলার ঘটনা তদন্ত করছে। একই সঙ্গে ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তা দ্রুত কর্তৃপক্ষকে জানাতেও বলা হয়েছে।
এদিকে লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের খবর নাকচ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটি জানিয়েছে, এই কৌশলগত নৌপথ দিয়ে চলাচলের জন্য কোনো ধরনের টোল আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং জলপথটি উন্মুক্ত রয়েছে।
হুথি-পরিচালিত সামুদ্রিক সমন্বয়কারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজ চলাচলের ওপর টোল আরোপের কোনো সিদ্ধান্ত তাদের নেওয়া হয়নি।
এর আগে গত সপ্তাহে সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধ আরোপের ঘোষণা দেয় হুথিরা। এরপর লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর শুল্ক বা টোল আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতেই নিজেদের অবস্থান স্পষ্ট করে এই বিবৃতি দিয়েছে হুথি গোষ্ঠী।
ওমান উপকূলে ট্যাংকারে হামলার ঘটনা এবং লোহিত সাগরে জাহাজ চলাচল নিয়ে নতুন করে তৈরি হওয়া অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।