ইপেপার / প্রিন্ট
দেশের অন্যতম জনপ্রিয় ও কিংবদন্তিসম ব্যান্ড ‘আর্টসেল’-এর নতুন গান ‘জানি ভুল করেছি’ প্রকাশের পর থেকেই গানপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যান্ডটির ‘চতুর্থাংশ’ ইপি-র তৃতীয় অফিসিয়াল মিউজিক ভিডিও হিসেবে প্রকাশিত গানটি ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জর্জ লিংকন ডি’কস্টার জন্মদিন উপলক্ষে উন্মুক্ত করা হয়।
আর্টসেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পরপরই নেটদুনিয়ায় দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। শ্রোতাদের একটি বড় অংশ নতুন আঙ্গিকের গানটি সহজভাবে গ্রহণ করতে পারেননি। বিশেষ করে আগের অনানুষ্ঠানিক সংস্করণের সঙ্গে তুলনা করে কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন। এক সংগীতপ্রেমী মন্তব্য করেন, ‘জমলো না! আনঅফিশিয়ালটা ফার বেটার ছিলো। সেই ডিপনেস পাইলাম না।’ আরেক ভক্তের ভাষ্য, ‘আমার কাছে আগের ভার্সনটাই বেস্ট।’
তবে নেতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি অনেক শ্রোতাই নতুন গানটির প্রশংসা করেছেন। কেউ কেউ গানটির আলাদা অনুভূতি ও সুরের প্রশংসা করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘদিন পর প্রিয় ব্যান্ডের নতুন গান পেয়ে অনেক ভক্ত আনন্দও জানিয়েছেন।
গানটি প্রসঙ্গে লিংকন বলেন, ‘এই গানটা আমার অনেক দিনের সঙ্গী। লিখেছিলাম খুব ছোটবেলায়, যখন গান মানেই ছিল মনের কথাগুলো সহজ করে বলে ফেলা। হয়তো এটা আমাদের পরিচিত আর্টসেলের মতো নয়, কিন্তু সব গান একই রকম হওয়ারও তো দরকার নেই। আশা করি, এই গানটাও আপনাদের কাছে নিজের একটা জায়গা করে নেবে।’
‘জানি ভুল করেছি’ গানটির কথা লিখেছেন জর্জ লিংকন ডি’কস্টা। সুর ও সংগীতায়োজন করেছে পুরো আর্টসেল ব্যান্ড। গানটির মিক্স ও মাস্টারিং হয়েছে ‘স্টুডিও মার্স’-এ। গুপি বাঘা প্রডাকশনস লিমিটেডের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটির ক্রিয়েটিভ সুপারভিশনে ছিলেন আরিফুর রহমান। সম্পাদনা ও গ্রাফিক্সের দায়িত্বে ছিলেন সুমিত কুমার রায় শুভ ও ইমরান বিন আবদুল খালিক। আর্টসেলের নিজস্ব লেবেল থেকেই পুরো আয়োজনটি প্রকাশ করা হয়েছে।