ইপেপার / প্রিন্ট
ভোলার চরফ্যাশনে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগামী ১০ আগস্ট প্রকাশিত হতে যাওয়া এসএসসি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকলেও ফল প্রকাশের চার দিন আগেই না ফেরার দেশে চলে গেল সে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল একই এলাকার মো. আবুল কালামের একমাত্র ছেলে। তিনি চলতি বছর দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বসতঘরের মেঝেতে ফ্লোর ঢালাইয়ের কাজের জন্য পাশের পুকুর থেকে পানি তোলার উদ্দেশ্যে মোটরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন রাসেল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, আসন্ন এসএসসি ফলাফল নিয়ে রাসেল ছিল ভীষণ আশাবাদী। কিন্তু ফল প্রকাশের মাত্র চার দিন আগে তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।