ইপেপার / প্রিন্ট
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল এবার ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন। পুরস্কার গ্রহণের পর এক প্রশ্নের উত্তরে নিজের শিকড়, বাংলা ভাষা এবং বাংলা সিনেমা নিয়ে খোলামেলা মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
বাংলা ছবি দেখেন কি না—এমন প্রশ্নের উত্তরে কোনো রাখঢাক না রেখে কাজল বলেন, ‘না।’ তবে সুযোগ ও সময় মিললে বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহ রয়েছে বলেও জানান এই তারকা অভিনেত্রী।
কাজলের শিকড় বাংলায়। তার মা কিংবদন্তি অভিনেত্রী তনুজা, যিনি হিন্দির পাশাপাশি বাংলা চলচ্চিত্রেও সমান জনপ্রিয় ছিলেন। মায়ের মতো অভিনেত্রী হতে পেরেছেন কি না—এমন প্রশ্নে কাজল বিনয়ের সঙ্গে বলেন, ‘এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।’
অনুষ্ঠানে নিজের কাজের নীতির কথাও তুলে ধরেন কাজল। তিনি বলেন, ‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডে খুব কম মানুষ আছেন যারা সময়মতো সেটে আসেন, আমি তাদের একজন। আবার কাজ শেষ হলেই সময়মতো বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।’
উল্লেখ্য, এবার আনন্দবাজারের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা পেয়েছেন কাজলের পাশাপাশি পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ আরও অনেক তারকা।