ইপেপার / প্রিন্ট
জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডিও (D.O.) পত্র তৈরি এবং তা বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে দাখিলের মাধ্যমে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি নজরে আসার পর তীব্র প্রতিবাদ জানিয়ে সতর্কবার্তা দিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
সোমবার (২৭ জুলাই) সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, প্রচারিত ও বিভিন্ন দপ্তরে দাখিল করা ওই পত্রটি বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক ইস্যু করা হয়নি। এর সঙ্গে জাতীয় সংসদের কোনো ধরনের সংশ্লিষ্টতাও নেই।
সংসদ সচিবালয় বলেছে, রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় সংসদের নাম, লোগো, দাপ্তরিক প্যাড কিংবা সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা গুরুতর ও আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি নজরে আসার পর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ধরনের জালিয়াতি প্রতিরোধে ভবিষ্যতে জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি পত্র পাওয়া গেলে তা যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখার সঙ্গে সরাসরি যোগাযোগ করে পত্রটির সত্যতা নিশ্চিত করতে বলা হয়েছে।
একই সঙ্গে সর্বসাধারণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের ভুয়া পত্র ও জালিয়াতির বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।