ইপেপার / প্রিন্ট
রাশিয়া থেকে জ্বালানি তেল ও গ্যাস কেনার অভিযোগে ভারত ও চীনসহ অন্তত পাঁচটি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ আরও সহজ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত ‘Russia and Iran Act of 2026’ নামের একটি বিল শুক্রবার মার্কিন সিনেটে পাস হয়েছে।
সিনেটে বিলটির পক্ষে ভোট দিয়েছেন ৮৬ জন সদস্য, বিপক্ষে ছিলেন ১১ জন। তিনজন ভোটদানে বিরত ছিলেন। বিলটি এখন প্রতিনিধি পরিষদে যাবে। সেখানে পাস হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।
বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার জ্বালানি পণ্যের বড় ক্রেতা হিসেবে ভারত ও চীনের পাশাপাশি আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়াও নতুন শুল্কের ঝুঁকিতে পড়বে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ চলাকালে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যেসব দেশ রাশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি পণ্য কিনে দেশটির যুদ্ধ তহবিলে সহায়তা করেছে, তাদের ওপর যুক্তরাষ্ট্র শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবে।
এ ছাড়া বিলটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার ধনকুবের ও দেশটির বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিনেটে পাস হওয়ার পর বিলটি এখন প্রতিনিধি পরিষদের অনুমোদনের অপেক্ষায়। আগামী ৩১ আগস্ট থেকে প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হলে বিলটি প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হবে।
বিলটি চূড়ান্তভাবে আইনে পরিণত হলে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য করা দেশগুলোর ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে। বিশেষ করে ভারত ও চীনের মতো বড় অর্থনীতির দেশগুলোর ক্ষেত্রে এর প্রভাব আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।