ইপেপার / প্রিন্ট
বাংলাদেশে অধ্যয়নরত এক বিদেশি নারী শিক্ষার্থীর হারিয়ে যাওয়া দামি স্মার্টফোন উদ্ধার করে তার হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
সোমবার (২৭ জুলাই) প্রযুক্তিনির্ভর তদন্ত ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরে সিআইডি সদর দপ্তর ঢাকায় আনুষ্ঠানিকভাবে ফোনটি ওই শিক্ষার্থীর কাছে হস্তান্তর করা হয়।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব জানান, ঢাকা গ্রিন রোডের গ্রিন লাইফ মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী আসমা গত ৮ জুলাই দুপুরে কলাবাগান থানার গ্রিন রোড এলাকায় একটি কাজে বের হন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন, তার ব্যবহৃত স্যামসাং গ্যালাক্সি এস২৪ এফই স্মার্টফোনটি হারিয়ে গেছে।
ফোনটিতে একটি বাংলাদেশি ও একটি ভারতীয় সিম কার্ড ব্যবহার করা হচ্ছিল। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম হারিয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরে সহপাঠীর সহায়তায় কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
এরপর বিষয়টি দ্রুত সমাধানের আশায় শিক্ষার্থীর শিক্ষক শারমিন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ পাওয়ার পর সিপিসির বিশেষজ্ঞ দল প্রযুক্তিগত অনুসন্ধান শুরু করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করা হয়। ধারাবাহিক অনুসন্ধানের একপর্যায়ে বাগেরহাট জেলা থেকে ফোনটি উদ্ধার করতে সক্ষম হয় সিআইডি। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিআইডি সদর দপ্তরের সাইবার পুলিশ সেন্টার ইউনিটের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনটি শিক্ষার্থী আসমার কাছে হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পেয়ে আবেগাপ্লুত আসমা বাংলাদেশ পুলিশ, বিশেষ করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানান, সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) দেশের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের সাইবার নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সাইবার অপরাধের শিকার হলে কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সহায়তার প্রয়োজন হলে দ্রুত সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।