ইপেপার / প্রিন্ট
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাডুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে ওই গ্রামে ঢুকে অতর্কিত গুলি চালায় হামলাকারীরা। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গ্রামপ্রধানের সচিব ডোগন রানা জানান, বন্দুকধারীরা হঠাৎ করে এলাকায় প্রবেশ করে নির্বিচারে গুলি চালানো শুরু করে এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
তিনি বলেন, হামলায় নিহতদের মধ্যে অন্তত আটজন শিশু রয়েছে। এছাড়া আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় যুবনেতা ইশায়া দাওয়া জানান, মধ্যরাতের দিকে কাডুনা রাজ্যের কাউরু এলাকার নারিডন গ্রামে হামলা চালায় বন্দুকধারীরা। তারা বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
তিনি আরও জানান, হামলাকারীরা কয়েকজন বাসিন্দাকে নির্মমভাবে হত্যা করেছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার আগে তারা গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে সশস্ত্র গ্যাং ও অপরাধী চক্রের সহিংসতা দীর্ঘদিন ধরে বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি করেছে। প্রায়ই এসব অঞ্চলে অপহরণ, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।
যদিও নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) দেশটির বড় নিরাপত্তা হুমকি হিসেবে রয়েছে, তবে কাডুনার এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
স্থানীয়দের অভিযোগ, হামলার কয়েক ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান জানিয়েছেন, হামলার বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।