ইপেপার / প্রিন্ট
মাদক ও অস্ত্র পাচারের মামলায় যুক্তরাষ্ট্রে ৪৫ বছরের কারাদণ্ড ভোগের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা পাওয়ার আট মাস পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ।
রোববার ব্যক্তিমালিকানাধীন বিমানে করে তিনি পালমেরোলা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার মা, স্ত্রী আনা গার্সিয়া, কন্যাসহ পরিবারের সদস্যরা। দীর্ঘদিন পর দেশে ফিরে রানওয়েতেই পরিবারের সদস্যদের সঙ্গে হাঁটু গেড়ে প্রার্থনা করেন হার্নান্দেজ। পরে দলীয় সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে রাজধানী তেগুসিগালপার উদ্দেশ্যে রওনা হন।
২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন হার্নান্দেজ। ২০২২ সালে তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। পরে ২০২৪ সালে মার্কিন আদালত তাকে মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে ৪৫ বছরের কারাদণ্ড দেন। যদিও শুরু থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।
আগামী ৩ আগস্ট জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে হন্ডুরাসের একটি আদালতে হাজির হওয়ার নির্দেশ রয়েছে তার। তবে এর আগে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত হওয়ায় দেশে ফিরেই তাকে আটক করা হয়নি।
দেশে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হার্নান্দেজ বলেন, স্বদেশে ফেরার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। পরিবারকে আবার দেখতে পারায় তিনি আবেগাপ্লুত বলেও উল্লেখ করেন। কারাগারের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, এমন কঠিন সময় তিনি তার শত্রুর জন্যও কামনা করবেন না।
এদিকে ট্রাম্পের ক্ষমা ঘোষণাকে ঘিরে হন্ডুরাসে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিরোধীরা এটিকে দেশটির রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে সমালোচনা করলেও, হন্ডুরাসে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর ওপর এই ক্ষমা ঘোষণার কোনো প্রভাব পড়েনি।