ইপেপার / প্রিন্ট
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিজেপির নেতারা।
সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন। তারা জানান, সরকার আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সিজেপির দাবি ছিল—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া পুলিশি মামলা প্রত্যাহার এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান। সংগঠনটির দাবি, সরকার এসব দাবিই মেনে নিয়েছে।
মুখপাত্র সৌরভ দাস বলেন, “সরকার যেহেতু আমাদের দাবি মেনে নিয়েছে, তাই আমরা সব আন্দোলনকারীকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।” অন্যদিকে আশুতোষ রাঙ্কা বলেন, “৩৬ দিনের আন্দোলনের পর সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভস্থল ত্যাগ করার আহ্বান জানাচ্ছি।”
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, দিল্লির যন্তর মন্তরে পুলিশ লাউডস্পিকারে ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে এলাকা ছাড়ার অনুরোধ জানিয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের কারণে যন্তর মন্তর এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটগুলো বন্ধ ছিল এবং জনসমাগম নিয়ন্ত্রণে আশপাশের ১৬–১৭টি মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।