ইপেপার / প্রিন্ট
প্রথম টি-টোয়েন্টিতে হতাশাজনক হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে ৩৪ রানের জয় তুলে নেয় টাইগাররা। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ।
ম্যাচে ব্যাট হাতে মাত্র ১০ বলে অপরাজিত ৩১ রানের ঝড়ো ইনিংস খেলার পাশাপাশি বল হাতে একটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বসিত সাইফউদ্দিন বলেন, ‘সবার আগে আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার পেলাম। তাই আমি খুবই এক্সাইটেড। পাশাপাশি আমরা সিরিজে ১-১ সমতায় ফিরেছি।’
জয়ের কৃতিত্ব নিজের নয়, ওপেনারদেরই দিয়েছেন এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘সব কৃতিত্ব আমাদের দুই ওপেনার ব্যাটারকে দিতে হবে। তারা অসাধারণ ব্যাটিং করেছে এবং বড় সংগ্রহের ভিত্তি গড়ে দিয়েছে। পাশাপাশি শেখ মেহেদী, রিশাদসহ পুরো বোলিং ইউনিটও দারুণ করেছে।’
জিম্বাবুয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টিও তুলে ধরেন সাইফউদ্দিন। তার ভাষায়, ‘গত কয়েক দিন আমরা অনেক আলোচনা করেছি। এখানে এখন শীতকাল, আর আমাদের দেশের আবহাওয়া অনেক গরম। শুরুতে উইকেটের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল। তবে দুই দিন আগে ভালো একটি টিম মিটিং হয়েছিল, আর সেটির ফলই আজ মাঠে পাওয়া গেছে।’
টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেটে ১৮৬ রান তোলে। জবাবে জিম্বাবুয়ে ১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায়। ফলে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচের আগে আত্মবিশ্বাস ফিরে পেল লাল-সবুজের প্রতিনিধিরা।