ইপেপার / প্রিন্ট
অধিকৃত পশ্চিমতীরের ‘তেল’ গ্রামে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের (সেটেলার) গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় এক ফিলিস্তিনি একজন সেটেলারের অস্ত্র ছিনিয়ে নিয়ে দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা করেন।
ঘটনার পর রাতভর পশ্চিমতীরজুড়ে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের নামে আরও কয়েকশ বাসিন্দাকে হেনস্তা করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আটক ব্যক্তিরা ‘ওয়ান্টেড’ ছিল এবং হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো স্বাধীন প্রমাণ প্রকাশ করা হয়নি।
সেনাবাহিনী আরও জানায়, ‘তেল’ গ্রাম থেকেই ১১ জনকে আটক করা হয়েছে এবং ৮০ জনের বেশি ফিলিস্তিনিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে জেনিন এলাকাতেও ব্যাপক অভিযান চালিয়ে ৩০০টিরও বেশি স্থানে তল্লাশি চালানো হয়। সেখান থেকেও কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। ইসরায়েলের দাবি, তারা বিস্ফোরক হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এ অভিযোগের পক্ষেও কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।