ইপেপার / প্রিন্ট
ভারতের উত্তরপ্রদেশে ভিন্ন বর্ণের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরে বিষয়টি অসুস্থতাজনিত মৃত্যু হিসেবে দেখিয়ে মরদেহ দাহ করে ফেলার অভিযোগ করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তরুণীর নাম হিমার্ষী। ২০ বছর বয়সী হিমার্ষীর সঙ্গে হার্ষিত নামে এক তরুণের দেড় বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল।
হার্ষিতের অভিযোগ, ভিন্ন বর্ণের হওয়ায় হিমার্ষীর পরিবার শুরু থেকেই এই সম্পর্কের বিরোধিতা করে আসছিল। গত বৃহস্পতিবার পরিবারের সদস্যরা হিমার্ষীকে হত্যা করে এবং একই রাতে তার মরদেহ দাহ করে ফেলে, যাতে হত্যার বিষয়টি গোপন থাকে।
শুক্রবার হিমার্ষীর প্রেমিক হার্ষিত থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে ওই তরুণীর মা, দুই ভাই এবং আরও দুই চাচাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, হিমার্ষী বাড়ি থেকে বের হয়ে একটি দোকানে যান, যেখানে আগে থেকেই তার প্রেমিক উপস্থিত ছিলেন। পরে সেখানে গিয়ে পরিবারের সদস্যরা দুজনকেই মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
হার্ষিত জানিয়েছেন, হিমার্ষীর পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি নিজেও এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।