ইপেপার / প্রিন্ট
আফ্রিকার দেশ কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটিতে ইবোলায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৪ জনে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে ভাইরাসটিতে মৃত্যুর হার বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
কঙ্গো সরকার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে ইবোলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫ জনে পৌঁছেছে। আগের সপ্তাহের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৭ শতাংশ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কঙ্গোর ইতিহাসে ইবোলার এই প্রাদুর্ভাব অন্যতম ভয়াবহ। দীর্ঘদিন ধরে চলা সংঘাতপূর্ণ পরিস্থিতি ও দুর্বল স্বাস্থ্যব্যবস্থার কারণে ভাইরাস নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞ আব্দুলসামি নাসিদি জানিয়েছেন, কার্যকর ভ্যাকসিনের অভাব এবং যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা সংকটের কারণে ইবোলা দ্রুত ছড়িয়ে পড়ছে।
বর্তমানে কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলার ধরনটি ‘বুন্দিবুগয়ো’ ভ্যারিয়েন্ট। এটি ইবোলা ভাইরাসের বিরল কয়েকটি ধরনগুলোর একটি, যার বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন তৈরি হয়নি।
এদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে একজন স্বেচ্ছাসেবীর শরীরে এর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে।
এর আগে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলা মহামারিতে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।