ইপেপার / প্রিন্ট
ইরানে টানা দুই সপ্তাহ ধরে হামলা চালানোর পর গত দুই দিন ধরে সামরিক অভিযান বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে যাওয়ার আশঙ্কায় ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইলের সংকট নিয়ে আলোচনা হয়। এরপরই ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার পরিকল্পনা থেকে সরে আসে যুক্তরাষ্ট্র।
এর আগে শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদার করা হবে। তবে পরবর্তীতে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ডেন কেইন জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে বড় হামলা চালানো সম্ভব হলেও এর ফলে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের সুরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুত দ্রুত শেষ হয়ে যেতে পারে।
এদিকে মার্কিন কর্মকর্তাদের মধ্যে এ নিয়েও সংশয় তৈরি হয়েছে যে, তীব্র হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব হবে কি না। তাদের মতে, সাম্প্রতিক হামলার পর ইরানের জনগণ আরও ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা বাইরের হুমকির দিকে বেশি মনোযোগ দিচ্ছে।
গত শুক্রবার ও শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানে কোনো নতুন হামলা চালায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।