ইপেপার / প্রিন্ট
বন্ধুর কাছ থেকে ধার নেওয়া অর্থ ফেরত দিতে ৩৫ বছর ধরে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যাননি ভারতের কেরালার বাসিন্দা ইসমাঈল। অবশেষে পুরোনো বন্ধুকে খুঁজে বের করে মাত্র ১ হাজার টাকার সেই ধার সুদসহ ২৫ হাজার রুপি পরিশোধ করে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রোববার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯১ সালে সৌদি আরবের আবকাইক শহরে কাজ করার সময় ইসমাঈল ও এডলা লাচান্নার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা আরও কয়েকজন প্রবাসী কর্মীর সঙ্গে একই বাসায় প্রায় পাঁচ বছর একসঙ্গে বসবাস করেছিলেন।
সে সময় ইসমাঈল বন্ধুর কাছ থেকে ১২০ সৌদি রিয়াল ধার নিয়েছিলেন, যার মূল্য ছিল প্রায় ১ হাজার ভারতীয় রুপি। সামর্থ্য হলে পরে অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
কিছুদিন পর লাচান্না ভারতে ফিরে আসেন। তখন মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলন না থাকায় একসময় দুজনের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইসমাঈল কখনোই সেই ধার ভুলে যাননি।
সম্প্রতি তিনি পুরোনো বন্ধুকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। তার কাছে লাচান্নার ফোন নম্বর বা ঠিকানা কিছুই ছিল না। শুধু জানতেন, তিনি তেলেঙ্গানার জগতিয়াল জেলার ধর্মপুরী এলাকার বাসিন্দা।
এই সামান্য তথ্যের ভিত্তিতেই ধর্মপুরীতে গিয়ে স্থানীয়দের সহায়তায় তিনি বন্ধুর পরিবারের সন্ধান পান। পরে লাচান্নার পরিবারের হাতে ২৫ হাজার রুপি তুলে দেন।
সেসময় লাচান্না উপসাগরীয় অঞ্চলে কর্মরত থাকায় দুজনের মধ্যে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা হয়।
লাচান্না বলেন, প্রায় ৩৫ বছর আগে তিনি ইসমাঈলকে মাত্র ১২০ সৌদি রিয়াল ধার দিয়েছিলেন। কিন্তু এত বছর পর ২৫ হাজার রুপি ফেরত পেয়ে তিনি বিস্মিত হয়েছেন।
তিনি ইসমাঈলকে একজন সৎ ও প্রতিশ্রুতিবান মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, এত দীর্ঘ সময় পরও দেওয়া কথা রাখার এই উদ্যোগ তাদের বন্ধুত্বের গভীরতার প্রমাণ। টাকাটি সুদসহ দেওয়া হয়েছে কি না, তা তিনি নিশ্চিত নন। তবে বন্ধুর এই সততা ও আন্তরিকতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।