ইপেপার / প্রিন্ট
বর্ষার মৌসুমে বাজারে ইলিশের আনাগোনা বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে রুপালি ইলিশের সমারোহ দেখা গেলেও দাম সাধারণ ক্রেতাদের স্বস্তি দিচ্ছে না। কেজিপ্রতি ১ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত দাম হওয়ায় অনেক মধ্যবিত্ত ক্রেতাই ইলিশ না কিনে ফিরে যাচ্ছেন।
শনিবার (১৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর এলাকার টাউন হল বাজার, চন্দ্রিমা বাজার, ঢাকা উদ্যান, কাদেরাবাদ হাউজিং ও জেনেভা ক্যাম্প বাজার ঘুরে দেখা যায়, ইলিশের সরবরাহ থাকলেও ক্রেতাদের মধ্যে আগ্রহের চেয়ে হতাশাই বেশি।
বাজারে দেখা গেছে, ৪৫০ থেকে ৬০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা দরে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা। আর এক কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশের দাম উঠেছে ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত।
টাউন হল বাজারে ইলিশ কিনতে আসা শাওন বলেন, ইলিশ খাওয়ার ইচ্ছা থাকলেও বর্তমান দামে তা কেনা কঠিন হয়ে পড়েছে। সংসারের অন্যান্য খরচ সামলে এত বেশি টাকা দিয়ে মাছ কেনা সম্ভব হচ্ছে না। তাই শেষ পর্যন্ত ছোট মাছ নিয়েই ফিরতে হচ্ছে।
একই বাজারের ক্রেতা চন্দনা রানী জানান, কয়েকটি দোকান ঘুরে দাম যাচাই করার পর এক কেজির একটু বেশি ওজনের দুটি ইলিশ কিনেছেন ৪ হাজার ২০০ টাকা দিয়ে। তাঁর অভিযোগ, দোকানভেদে দামের পার্থক্য রয়েছে এবং বাজারে তাজা মাছের তুলনায় কোল্ড স্টোরের মাছই বেশি দেখা যাচ্ছে।
চন্দ্রিমা বাজারের ক্রেতা সাইফুল বলেন, সন্তানদের আবদারে ইলিশ কিনতে এসেছিলেন। তবে বড় মাছ কেনার সামর্থ্য না থাকায় ছোট একটি ইলিশ নিয়েছেন।
জেনেভা ক্যাম্প বাজারের এক চাকরিজীবী বলেন, ইলিশের মৌসুমে অন্তত এক-দুইবার পরিবারের জন্য মাছ কিনতে চান। কিন্তু বর্তমান বাজারদরে এক কেজি ইলিশ কিনতেই কয়েক দিনের বাজার খরচ শেষ হয়ে যায়।
ঢাকা উদ্যান বাজারের গৃহিণী খাদিজা বেগম বলেন, বাজারে ইলিশের উপস্থিতি আছে, কিন্তু দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। তাই শুধু দেখে ফিরে যেতে হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, বড় আকারের ইলিশের দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা ছোট মাছের দিকে ঝুঁকছেন। চন্দ্রিমা বাজারের মাছ বিক্রেতা মামুন বলেন, তার দোকানে ছোট আকারের ইলিশ ১ হাজার থেকে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় আকারের ইলিশ আনার সামর্থ্য ছোট ব্যবসায়ীদের জন্য কঠিন বলে জানান তিনি।
টাউন হল বাজারের মাছ বিক্রেতা বাদশা মিয়া বলেন, এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বাজারে এখনও পর্যাপ্ত তাজা ইলিশ আসেনি, কোল্ড স্টোরের মাছের পরিমাণ বেশি।
সরেজমিনে দেখা যায়, বাজারে ক্রেতার উপস্থিতি থাকলেও অনেকেই দাম শুনে ফিরে যাচ্ছেন। কেউ কেউ ছোট আকারের ইলিশ কিনছেন, আবার অনেকে বাজেটের কারণে অন্য মাছের দিকে ঝুঁকছেন।
ক্রেতাদের প্রত্যাশা, ইলিশের সরবরাহ আরও বাড়লে এবং বাজারে স্থিতিশীলতা এলে দাম কিছুটা কমতে পারে। তবে বর্তমানে ইলিশের মৌসুমেও মধ্যবিত্তের জন্য এই জনপ্রিয় মাছটি অনেকটাই বিলাসী পণ্যে পরিণত হয়েছে।