ইপেপার / প্রিন্ট
যুক্তরাষ্ট্রের টানা সামরিক হামলা এবং পাল্টা ইরানি অভিযানের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইরানের দক্ষিণাঞ্চলের চারটি প্রদেশে একাদশ ও দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী রোববার ও সোমবার হরমোজগান, বুশেহর, খুজেস্তান এবং সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে নির্ধারিত ফাইনাল পরীক্ষা বাতিল করা হয়েছে। দেশটির আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বাতিল হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে। তবে দেশের অন্যান্য প্রদেশে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে মার্কিন হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পানি সরবরাহ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমোজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির সিইও হামজেহ পুর জানিয়েছেন, জাস্ক কাউন্টির বুঞ্জি গ্রামের একটি পানি পরিশোধন পাম্পে হামলার ফলে প্রায় ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ সুপেয় পানির সংকটে পড়েছেন।
তার দাবি, হামলায় সমুদ্রের পানি উত্তোলনকারী পাম্পিং স্টেশন এবং পানি পরিশোধন কেন্দ্রের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় টানা সাত রাত ধরে ইরানে সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
এর জবাবে ইরান যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা অব্যাহত থাকলে ইরান পূর্ণমাত্রার যুদ্ধে নামবে এবং তখন মধ্যপ্রাচ্যের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না।