ইপেপার / প্রিন্ট
ইরানে টানা সাত দিনের মার্কিন বিমান হামলার মধ্যে এবার লক্ষ্যবস্তু হয়েছে একটি পানি শোধনাগার। এই হামলায় ইরানের হরমোজগান প্রদেশের জাস্ক কাউন্টির বুঞ্জি এলাকার একটি পানি পরিশোধন পাম্প ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হওয়ায় অন্তত ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ সুপেয় পানির সংকটে পড়েছেন।
শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে হরমোজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী হামজেহ পুর জানান, মার্কিন হামলায় সমুদ্র থেকে পানি উত্তোলনের পাম্পিং স্টেশন এবং বুঞ্জি পানি পরিশোধন কেন্দ্রের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে প্রায় ১০ হাজার মানুষের সুপেয় পানির সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
হামজেহ পুর এই ঘটনাকে ‘ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বর্তমানে তীব্র পানি সংকটের মুখোমুখি।
এদিকে মার্কিন হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটির একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রের অংশবিশেষে আগুন লাগে।
পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি ব্যবস্থা গ্রহণের কারণে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা সচল রয়েছে বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় টানা সাত রাত ধরে ইরানে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এর জবাবে ইরান যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করেছে, হামলা চলতে থাকলে দেশটি পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।