ইপেপার / প্রিন্ট
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৭ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বার্তায় মার্কিন নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে মধ্যপ্রাচ্যে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল এবং যেকোনো সময় হঠাৎ করে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। তাই বর্তমান পরিস্থিতিতে ওই অঞ্চলে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিয়মিত স্থানীয় পরিস্থিতির খবরাখবর অনুসরণ করতে এবং জরুরি প্রয়োজনে নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এরপর ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে।
এরপর ১১ জুলাই থেকে টানা প্রতি রাতে ইরানে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শুক্রবার রাতে সপ্তম দফার অভিযানও পরিচালিত হয়েছে।
অন্যদিকে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
শুক্রবার রাতে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে ইরান আর শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না; বরং পূর্ণমাত্রার যুদ্ধে অংশ নেবে এবং তখন মধ্যপ্রাচ্যের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না।