ইপেপার / প্রিন্ট
বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে দুর্ঘটনা এড়াতে উপকূলীয় এলাকার জেলে, ট্রলার ও নৌযান মালিকদের গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত সব ধরনের নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার অনুরোধ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে এক বিশেষ সতর্কবার্তায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। এ পরিস্থিতিতে ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানের সমুদ্রে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ কোস্টগার্ড সবসময় প্রস্তুত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে উপকূলীয় এলাকায় মাইকিং করে জেলে ও নৌযান মালিকদের সতর্ক করা হচ্ছে।
তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে মাছ ধরা কিংবা অন্য কোনো কাজে সমুদ্রে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে যারা বর্তমানে সাগরে রয়েছেন, তাদের দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
নৌযান ও ট্রলার মালিকদেরও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
জরুরি প্রয়োজনে বা সমুদ্রে কোনো দুর্ঘটনার তথ্য জানাতে বাংলাদেশ কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।