ইপেপার / প্রিন্ট
দেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) কর্মীরা। বন্যার্তদের সহায়তায় ইউসিবির কর্মীরা একদিনের বেতন প্রদান করেছেন। এ তহবিলের মাধ্যমে সম্প্রতি চট্টগ্রাম, বান্দরবানসহ দেশের বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
সম্প্রতি কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ঘরবাড়ি, জীবিকা, কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
চট্টগ্রামের রাউজানের গহিরা এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণে অংশ নেন ইউসিবির কর্মীরা। এ সময় উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ইউসিবি পিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান।
রাউজানের পাশাপাশি দেশের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউসিবির কর্মীরা। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার নীতিমালার আওতায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।
ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে স্থানীয়ভাবে ত্রাণসামগ্রী সংগ্রহ করা হয়। পরে সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলোর মাধ্যমে তা সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পৌঁছে দেওয়া হয়। মাঠপর্যায়ের প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে ত্রাণ প্যাকেজ প্রস্তুত ও বিতরণ করা হয়েছে।
ইউসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে তারা সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসন কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।