ইপেপার / প্রিন্ট
চট্টগ্রাম নগরে মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মবিনুল ইসলাম। আহত অপর পুলিশ সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে নগরের খুলশী থানার আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, মাদক মামলার আসামি ও একাধিক মামলার অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থলে ওসিসহ পুলিশের একাধিক দল কাজ করছে।
আহত এসআই মবিনুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, এসআই মবিনুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে পুলিশের পক্ষ থেকে আহত অপর সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এছাড়া অভিযুক্ত আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।