ইপেপার / প্রিন্ট
কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা গোপালগঞ্জের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল্লাহ শিকদার (২৪)-কে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
র্যাবের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার (১১ জুলাই) সকালে মিরপুরের পাইকপাড়ায় র্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি।
র্যাব জানায়, আব্দুল্লাহ শিকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর থেকে তিনি কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে দাঙ্গা ও অগ্নিসংযোগের সময় কয়েকজন কারারক্ষীকে জিম্মি করে বন্দিরা বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা অস্থায়ী মই ব্যবহার করে কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে আব্দুল্লাহ শিকদারও ছিলেন। এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।
র্যাবের দাবি, কারাগার থেকে পালানোর পর গ্রেপ্তার এড়াতে আব্দুল্লাহ বিভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের বরাত দিয়ে র্যাব জানায়, ২০২১ সালের ৭ অক্টোবর সুদের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই সহযোগীকে সঙ্গে নিয়ে প্রতিবেশী লুৎফর রহমানকে হাতুড়ি ও কুড়াল দিয়ে হত্যা করেন আব্দুল্লাহ শিকদার। এ ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার শেষে আদালত আব্দুল্লাহসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেন।
গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ শিকদারকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।