ইপেপার / প্রিন্ট
নওগাঁর মান্দায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার ২ নং ভালাইন ইউনিয়নের চকশ্রীকৃষ্ণ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আতিকুর রহমান।
অভিযোগসূত্রে জানা গেছে, চকশ্রীকৃষ্ণ গ্রামের সফিজ উদ্দিনের সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল হামিদ ও পিয়ার আলী গংদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।
ভূক্তভোগীর বাড়ির পাশে কিছু জমি আছে। সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগোনো রয়েছে। উক্ত গাছগুলো যেনো ছাগলে না খায়,সেজন্য গত ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে জায়গাটি বাঁশ ও নেট জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করায় স্থানীয় লোকজন উভয় পক্ষের লোকজনকে সরিয়ে দেন।
এরই জের ধরে ওইদিন বিকেলে ভূক্তভোগীর বড় ছেলে আলমগীর হোসেন আঁয়াপুর ঘাটে জনৈক আব্দুল মতিনের আড়তে ৪ লক্ষ ১৭ হাজার টাকার ব্যাবসায়ীক ধান বিক্রয় করে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন পথরোধ করে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে অতর্কিথভাবে হামলা চালায়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। এসময় তার কাছে থাকা টাকাগুলো কেড়ে নেয় প্রতিপক্ষের লোকজন।
এমতাবস্থায় তার ডাক চিৎকারে প্রতিহত করতে এসে সফিজ উদ্দিন ও তার ছোট ছেলে আতিকুর রহমানও আহত হন। আহত সফিজ উদ্দিনের মাথায় চাকু দিয়ে আঘাত করা হয়েছে বলে জানান তিনি। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এরপরেও তারা সেখানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমতাবস্থায় তারা এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেন। অপরদিকে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন তারা।
মান্দা থানার ওসি- আব্দুল গণি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।