ইপেপার / প্রিন্ট
ইউক্রেন যুদ্ধের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দুই নেতার মধ্যে প্রায় ৯০ মিনিটের ফোনালাপে এই প্রস্তাব দেওয়া হয় বলে জানিয়েছেন ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ।
উশাকভের ভাষ্য অনুযায়ী, আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ইউক্রেন পরিস্থিতি নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেন। ট্রাম্প দ্রুত যুদ্ধের অবসান এবং সংকট নিরসনে কার্যকর সমাধান খুঁজে বের করার জন্য নিজের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।
ক্রেমলিন এই ফোনালাপকে ‘পেশাদার ও অত্যন্ত গঠনমূলক’ বলে উল্লেখ করেছে। উশাকভ বলেন, রাশিয়া তাদের মৌলিক অবস্থান অক্ষুণ্ন রেখে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংঘাতের সমাধান চায়।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, শনিবার তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পৃথক ফোনালাপ হয়েছে। তিনি বলেন, প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধফ্রন্টের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং যুদ্ধ শেষ করার একটি বাস্তব সম্ভাবনা এখনও রয়েছে।
জেলেনস্কি জানান, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনেও এই আলোচনা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছেন।
আগামী ৭ ও ৮ জুলাই আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ট্রাম্পসহ ৩২টি সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেন—কোনো পক্ষই গত কয়েক মাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি। বিশেষজ্ঞদের মতে, ড্রোন যুদ্ধের ব্যাপক ব্যবহার উভয় পক্ষের সামরিক অগ্রযাত্রা কঠিন করে তুলেছে এবং ক্ষয়ক্ষতি বাড়িয়েছে।
রাশিয়ার দাবি, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ কোস্তিয়ান্তিনিভকা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, শহরটি এখনও তাদের নিয়ন্ত্রণেই রয়েছে।