ইপেপার / প্রিন্ট
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রোববার (১২ জুলাই) রাতে দেওয়া এক বিবৃতিতে রিয়াদ অভিযোগ করেছে, ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে ইরান আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশন (ওআইসি)-এর সনদ এবং সুপ্রতিবেশীসুলভ নীতিমালা লঙ্ঘন করেছে। এসব হামলার কারণে আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল ও সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে বলে উল্লেখ করা হয়।
সৌদি কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ হামলায় দেশটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা না হলেও গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানের হামলায় সৌদির একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়।
এদিকে, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার ঘটনায় ১১ জন ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন এখনও নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ভারতও ইরানের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে এবং নিখোঁজ নাবিককে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।