ইপেপার / প্রিন্ট
বাংলাদেশি পাসপোর্টের মানের কোনো অবনমন হয়নি বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বিভিন্ন দেশের ভিসা জটিলতার সঙ্গে অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতার সম্পর্ক রয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিভিন্ন দেশের ভিসা বন্ধ থাকার কারণ জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসা বন্ধ থাকার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে গত দুই-তিন সপ্তাহে একাধিকবার বৈঠক করা হয়েছে।
তিনি বলেন, ভিসাসংক্রান্ত সমস্যাগুলো কীভাবে দ্রুত সমাধান করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।
ভিসা বাতিল বা জটিলতার অন্যতম কারণ হিসেবে অবৈধভাবে বিদেশ যাওয়ার প্রবণতার কথা উল্লেখ করেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, অনেক সময় বাংলাদেশিরা বৈধ পথে বিদেশে যেতে না পেরে অবৈধ উপায় অবলম্বন করেন। এ ক্ষেত্রে অনেকে দালাল চক্রের খপ্পরে পড়েন এবং তাদের কাছে থাকা প্রয়োজনীয় কাগজপত্র সব সময় আসল বা সঠিক থাকে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব সমস্যা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা হয়েছে, যাতে ভিসা-সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধান করা যায়। ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকদের ভিসা নিয়ে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো সমাধানে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, এসব সমস্যা একদিনে সমাধান হবে না; তবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটানোর চেষ্টা চলছে।