সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের পরিবেশিত খাবারে ক্ষতিকর ও নন-ফুডগ্রেড উপকরণ মেশানোর অভিযোগে বজরা কোম্পানির ‘দ্যা আকবর’ নামের একটি পর্যটকবাহী হাউসবোটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের হাউসবোটগুলোতে লাইসেন্স সংরক্ষণ এবং ভ্রমণকারী পর্যটকদের পরিচয়পত্র রাখার নির্দেশনা থাকলেও অভিযানের সময় সেগুলো যথাযথভাবে পাওয়া যায়নি। পাশাপাশি হাউসবোটে পর্যটকদের জন্য প্রস্তুত করা খাবারে ক্ষতিকর ও নন-ফুডগ্রেড উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
এছাড়া পর্যটকদের জন্য নিরাপদ ও সংরক্ষিত খাবার পানির উপযুক্ত উৎস না থাকায় হাউসবোট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, অভিযানে খাবারে ক্ষতিকর ও নন-ফুডগ্রেড উপকরণ মেশানোর প্রমাণ এবং পর্যটকদের জন্য যথাযথ খাবার পানির ব্যবস্থা না থাকায় ‘দ্যা আকবর’ হাউসবোটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পর্যটনকেন্দ্রগুলোতে খাবারের মান ও নিরাপদ পানি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।