ইপেপার / প্রিন্ট
বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলা ব্রাজিল আজ নকআউট পর্বে নরওয়ের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে জয় পেলেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে সেলেসাওরা।
তবে ব্রাজিলের সামনে বড় চ্যালেঞ্জ শুধু নরওয়ে নয়, ইতিহাসও। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হলেও নরওয়ের বিপক্ষে একবারও জয় পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই ম্যাচে ড্র এবং দুই ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের। এর মধ্যে ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে নরওয়ের কাছে ২-১ গোলে হারের স্মৃতি এখনও ভোলেনি সেলেসাও সমর্থকরা।
আরেকটি পরিসংখ্যানও ভাবাচ্ছে ব্রাজিলকে। ২০০২ বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে হারিয়ে শিরোপা জয়ের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে আর কোনো ইউরোপীয় দলকে হারাতে পারেনি তারা। আজকের ম্যাচে সেই দীর্ঘ ২৪ বছরের অপেক্ষা শেষ করার সুযোগ রয়েছে কার্লো আনচেলত্তির দলের সামনে।
ম্যাচের আগে ব্রাজিল শিবিরে রয়েছে কিছু পরিবর্তনের আভাস। কার্ডজনিত নিষেধাজ্ঞা ও চোটের কারণে লুকাস পাকেতা দলে নেই। তার পরিবর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি শুরু থেকেই মাঠে নামতে পারেন। বিকল্প হিসেবে দানিলো সান্তোসকেও বিবেচনায় রেখেছেন কোচ আনচেলত্তি।
এদিকে চোট কাটিয়ে রাফিনিয়া দলে ফিরলেও তাকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা কম। ধারণা করা হচ্ছে, তিনি বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করবেন।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
আলিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (অথবা দানিলো সান্তোস); রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও মাথেউস কুনিয়া।