ইপেপার / প্রিন্ট
দেশের অভিনয় অঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ফেরদৌসী মজুমদার এবার দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন তার দীর্ঘ অভিনয়জীবন ও ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প। পাঁচ দশকের বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে আসা এই গুণী শিল্পীর জীবন ও কর্মের গল্প শুনতে আগ্রহী দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ এক সংলাপ অনুষ্ঠান।
‘অনুস্বর সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানটি আগামী ২৫ জুলাই বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজন করছে অনুস্বর নাট্যদল।
২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় ‘অনুস্বর’। দলটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী থেকে নিয়মিতভাবে এই সংলাপের আয়োজন করা হচ্ছে। এর প্রথম আয়োজনে উপস্থিত ছিলেন কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। সে সময় তিনি দর্শকদের সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশের নাট্যচর্চা ও এর গতিপথ নিয়ে সেই আয়োজন নাট্যকর্মী ও দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছিল।
এবার ‘অনুস্বর সংলাপ’-এ অতিথি হিসেবে থাকছেন ফেরদৌসী মজুমদার। নিজের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা, স্মৃতি ও জীবনের গল্প বলার পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নেরও সরাসরি উত্তর দেবেন তিনি।
ফেরদৌসী মজুমদার দেশের একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবারে বেড়ে উঠেছেন। তিনি লেখক, শিক্ষাবিদ ও নাট্যজন মুনীর চৌধুরী এবং কবীর চৌধুরীর বোন। তার স্বামী অভিনেতা ও নির্দেশক রামেন্দু মজুমদার। তাদের কন্যা ত্রপা মজুমদারও অভিনয় ও নির্দেশনায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
দীর্ঘ অভিনয়জীবনের নানা অধ্যায় ও অভিজ্ঞতা এবার শিল্পীর নিজের মুখে শোনার সুযোগ পাবেন দর্শকরা।