ইপেপার / প্রিন্ট
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। অবশেষে প্রকাশ পেয়েছে সিনেমাটির ২ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলার। আর সেই ট্রেলারেই মিলেছে ভয়ংকর ভিলেন ডক্টর ডুমকে ঘিরে নতুন যুদ্ধের আভাস।
ট্রেলারে ডক্টর ডুম চরিত্রে দেখা গেছে রবার্ট ডাউনি জুনিয়রকে। একসময় আয়রন ম্যান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতার নতুন ভূমিকাকে ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাকে থামাতেই অ্যাভেঞ্জার্স ও অন্যান্য সুপারহিরোদের নতুন মিশন শুরু হতে যাচ্ছে বলে ট্রেলার থেকে ধারণা করা হচ্ছে।
ট্রেলারের একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে প্রফেসর জেভিয়ার চরিত্রে প্যাট্রিক স্টুয়ার্টকে বলতে শোনা যায়, এমন কিছু আসছে, যা হয়তো ঠেকানো সম্ভব নয়। একই সময়ে থর চরিত্রে ক্রিস হেমসওর্থকে বলতে শোনা যায়, ডুমকে থামাতে তাদের একটি অলৌকিক শক্তির প্রয়োজন হবে।
আর সেই ‘অলৌকিক’ শক্তির সবচেয়ে বড় ইঙ্গিত হিসেবে সামনে এসেছে স্টিভ রজার্সের প্রত্যাবর্তন। ক্রিস ইভান্সকে আবারও স্টিভ রজার্স চরিত্রে দেখা যাবে। ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর এই চরিত্রে তার প্রত্যাবর্তন সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
ট্রেলারে মার্ভেলের আরও বহু পরিচিত চরিত্রের উপস্থিতি দেখা গেছে। তাদের মধ্যে রয়েছেন শাং-চি চরিত্রে সিমু লিউ, ইয়েলেনা বেলোভা চরিত্রে ফ্লোরেন্স পিউ, থান্ডারবোল্টস দল, নেমর, ব্ল্যাক প্যান্থার, গ্যাম্বিট চরিত্রে চ্যানিং ট্যাটাম, ফ্যান্টাস্টিক ফোর এবং ম্যাগনেটো চরিত্রে ইয়ান ম্যাককেলেনসহ আরও অনেকে।
সিনেমাটিতে অ্যান্থনি ম্যাকি, সেবাস্টিয়ান স্ট্যান, লেটিশিয়া রাইট, পল রাড, হান্না জন-ক্যামেন, ওয়ায়াট রাসেল, টম হিডলস্টন, লুইস পুলম্যান, ড্যানি রামিরেজ, ডেভিড হারবার ও উইনস্টন ডিউকসহ আরও তারকা অভিনয় করেছেন।
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ পরিচালনা করেছেন রুশো ব্রাদার্স—অ্যান্থনি ও জো রুশো। ২০২৪ সালের কমিক-কন অনুষ্ঠানে সিনেমাটির পাশাপাশি ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’-এরও ঘোষণা দেওয়া হয়েছিল। দুই সিনেমার মাধ্যমেই রুশো ব্রাদার্স আবারও এমসিইউতে ফিরেছেন।
চলতি বছরের ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র। এখন প্রশ্ন একটাই—মার্ভেলের এত শক্তিশালী সুপারহিরোদের একত্রিত করেও কি ডক্টর ডুমকে থামানো সম্ভব হবে? উত্তর মিলবে সিনেমাটি মুক্তির পরই।