ইপেপার / প্রিন্ট
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে সাম্প্রদায়িক সহিংসতার অন্তত ২৫৭টি ঘটনা ঘটেছে এবং এসব ঘটনায় ৪৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন।
সংগঠনটির দাবি, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশীয় সংবাদপত্র, বিভিন্ন গণমাধ্যম ও নিজস্ব সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। তাদের মতে, এটি সাম্প্রদায়িক সহিংসতার প্রকৃত চিত্রের কেবল একটি অংশ।
ঐক্য পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০টি ঘটনায় ৪৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ৬২টি ঘটনা, নারী নির্যাতন ও ধর্ষণের পাঁচটি ঘটনা, উপাসনালয়ের জমি দখল বা দখলের চেষ্টার ১৫টি ঘটনা এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ৪৭টি ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া অপহরণ, চাঁদা দাবি ও নির্যাতনের ১০টি, হামলা, হত্যার হুমকি ও নির্যাতনের ৪২টি এবং জোরপূর্বক বাড়িঘর, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের ২১টি ঘটনার কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটি ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে আট দফা দাবি জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের কার্যকর বাস্তবায়ন, জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন এবং দেবোত্তর সম্পত্তি সংরক্ষণে আইন প্রণয়ন।
এ ছাড়া বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য অতিরিক্ত সরকারি ছুটির দাবিও জানিয়েছে সংগঠনটি।