ইপেপার / প্রিন্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নাগরিকদের নির্ভরযোগ্য ও সহজপ্রাপ্য তথ্য সেবা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে জাতীয় হেল্পলাইন ৩৩৩।
এ থেকে নাগরিকরা ৩৩৩ নম্বরে কল করে আইভিআর (IVR) মেনুতে ৯ চেপে নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আইসিটি টাওয়ারে এটুআই কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এই সেবা চালুর ঘোষণা দেওয়া হয়। এটুআই এবং নির্বাচন কমিশন (ইসি) যৌথভাবে ৩৩৩-এর এজেন্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করছে।
ভোটার তালিকায় নিজের তথ্য যাচাই ও ভোট প্রদানের নিয়ম।
ভোটকেন্দ্রের অবস্থান এবং খুঁজে পাওয়ার উপায়।
প্রার্থী ও সমর্থকদের জন্য নির্বাচনী আচরণবিধি।
প্রবাসী ভোটারদের ভোট প্রদান প্রক্রিয়া।
প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা।
নির্বাচন কমিশনের অ্যাপ ‘Postal Vote BD’ ও ‘Smart Election Management BD’ সম্পর্কিত তথ্য।
জরুরি অবস্থা বা বিশেষ নির্দেশনা এবং প্রয়োজনীয় যোগাযোগ নম্বর।
ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, নির্বাচন ও গণভোটের সময় নাগরিকদের জিজ্ঞাসা অত্যন্ত সময়নির্ভর ও সংবেদনশীল। ভুল তথ্য নাগরিক আস্থা ক্ষুণ্ণ করতে পারে, তাই যাচাই করা উৎস থেকে নির্ভুল ও হালনাগাদ তথ্য নিশ্চিত করতে ইসি ও ৩৩৩ হেল্পলাইন সমন্বিতভাবে কাজ করছে।
এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক আব্দুর রফিক জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো সঠিক তথ্যপ্রবাহ। সঠিক তথ্য দ্রুত পৌঁছানো না হলে গুজব ছড়ানোর ঝুঁকি থাকে। ৩৩৩ প্ল্যাটফর্ম সেই বিভ্রান্তি দূর করে নাগরিকবান্ধব তথ্য সেবা নিশ্চিত করবে।
কর্মশালায় এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর এজেন্টদের বাস্তবভিত্তিক প্রস্তুতি ও তথ্য যাচাই দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া ইসির যুগ্ম সচিব মো. আব্দুল হালিম খান এবং এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম নির্বাচন সংক্রান্ত সাধারণ প্রশ্নের সহজ ও সঠিক উত্তর প্রদানের দিকনির্দেশনা প্রদান করেন।
এই উদ্যোগের মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন সচেতনতা বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিত হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।