বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৩৩৩ হেল্পলাইনে আসছে ভোট ও নির্বাচন তথ্য সেবা, প্রস্তুতি নিচ্ছে জাতীয় হেল্পলাইন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নাগরিকদের নির্ভরযোগ্য ও সহজপ্রাপ্য তথ্য সেবা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে জাতীয় হেল্পলাইন ৩৩৩

এ থেকে নাগরিকরা ৩৩৩ নম্বরে কল করে আইভিআর (IVR) মেনুতে ৯ চেপে নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

নতুন সেবার ঘোষণা

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আইসিটি টাওয়ারে এটুআই কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এই সেবা চালুর ঘোষণা দেওয়া হয়। এটুআই এবং নির্বাচন কমিশন (ইসি) যৌথভাবে ৩৩৩-এর এজেন্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করছে।

নাগরিকরা ৩৩৩ হেল্পলাইনে নিম্নলিখিত তথ্য পাবেন

  • ভোটার তালিকায় নিজের তথ্য যাচাই ও ভোট প্রদানের নিয়ম।

  • ভোটকেন্দ্রের অবস্থান এবং খুঁজে পাওয়ার উপায়।

  • প্রার্থী ও সমর্থকদের জন্য নির্বাচনী আচরণবিধি

  • প্রবাসী ভোটারদের ভোট প্রদান প্রক্রিয়া।

  • প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা।

  • নির্বাচন কমিশনের অ্যাপ ‘Postal Vote BD’‘Smart Election Management BD’ সম্পর্কিত তথ্য।

  • জরুরি অবস্থা বা বিশেষ নির্দেশনা এবং প্রয়োজনীয় যোগাযোগ নম্বর।

কর্মকর্তাদের মন্তব্য

  • ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, নির্বাচন ও গণভোটের সময় নাগরিকদের জিজ্ঞাসা অত্যন্ত সময়নির্ভর ও সংবেদনশীল। ভুল তথ্য নাগরিক আস্থা ক্ষুণ্ণ করতে পারে, তাই যাচাই করা উৎস থেকে নির্ভুল ও হালনাগাদ তথ্য নিশ্চিত করতে ইসি ও ৩৩৩ হেল্পলাইন সমন্বিতভাবে কাজ করছে।

  • এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক আব্দুর রফিক জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো সঠিক তথ্যপ্রবাহ। সঠিক তথ্য দ্রুত পৌঁছানো না হলে গুজব ছড়ানোর ঝুঁকি থাকে। ৩৩৩ প্ল্যাটফর্ম সেই বিভ্রান্তি দূর করে নাগরিকবান্ধব তথ্য সেবা নিশ্চিত করবে।

  • কর্মশালায় এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর এজেন্টদের বাস্তবভিত্তিক প্রস্তুতি ও তথ্য যাচাই দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন।

  • এছাড়া ইসির যুগ্ম সচিব মো. আব্দুল হালিম খান এবং এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম নির্বাচন সংক্রান্ত সাধারণ প্রশ্নের সহজ ও সঠিক উত্তর প্রদানের দিকনির্দেশনা প্রদান করেন।

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন সচেতনতা বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিত হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।