ইপেপার / প্রিন্ট
বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা চালাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র— এমন তথ্য জানিয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে Inter-Services Public Relations (ISPR)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সম্প্রতি প্রতারকরা নিজেদের ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সেনা কর্মকর্তা পরিচয়ে মোবাইল ফোনে যোগাযোগ করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। তারা সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে, যাতে সহজেই বিশ্বাস অর্জন করা যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা ব্যক্তিগতভাবে এ ধরনের ফোন বা বার্তার মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে না। এ ধরনের কোনো যোগাযোগ পেলে বিভ্রান্ত না হয়ে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।
বিশেষভাবে বলা হয়েছে, যদি কেউ সেনা কর্মকর্তা পরিচয়ে ভয় দেখিয়ে বা অন্য কোনোভাবে সুবিধা আদায়ের চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট মোবাইল নম্বরসহ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।
আইএসপিআর জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।