ইপেপার / প্রিন্ট
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক।
সোমবার (৩০ জুন) রাতে রোমে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, সম্প্রতি রাষ্ট্রদূত ডব্লিউএফপির সহকারী নির্বাহী পরিচালক রানিয়া দাগাশ-কামারা এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক সামির এস ওয়ানমালির সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, মানবিক সহায়তা এবং সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে আলোচনা হয়।
ডব্লিউএফপির সহকারী নির্বাহী পরিচালক রানিয়া দাগাশ-কামারার সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ এবং স্থায়ীভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তন। এ লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অন্যদিকে, ডব্লিউএফপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক সামির এস ওয়ানমালির সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সংস্থাটির দীর্ঘদিনের খাদ্য ও মানবিক সহায়তার প্রশংসা করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গা শিবিরে মানবিক কার্যক্রম পরিচালনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সহায়তা কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য অর্থায়নের ঘাটতি মোকাবিলায় ডব্লিউএফপিকে কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান রাষ্ট্রদূত।
বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা এবং সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে বৈশ্বিক অংশীদারদের সমন্বিত ভূমিকার গুরুত্বও তুলে ধরা হয়।
দূতাবাস জানায়, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করে এবং এই সংকটের স্থায়ী সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।