ইপেপার / প্রিন্ট
জাতীয় সংসদ সচিবালয়ের ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিশনের ৩৭তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ২৯০ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। এর মধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট হিসেবে ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকাও অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে কমিশনের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি সভায় যোগ দেন। বৈঠকের শুরুতে আগের (৩৬তম) কমিশন বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং পূর্ববর্তী সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া আলোচ্যসূচি উপস্থাপন করেন। সভায় বাজেটের পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং কাজের গতি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, এই বাজেট সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।