ইপেপার / প্রিন্ট
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার জন্মদিনে তার আসন্ন সিনেমা ‘মাইসা’র নির্মাতারা বিশেষ চমক দিয়েছেন। গত রোববার প্রকাশিত পোস্টারে রাশমিকাকে এক বিধ্বংসী লুকে দেখা গেছে, যা তার ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।
পোস্টারে রাশমিকাকে একেবারেই ভিন্ন অবতারে দেখা গেছে। মুখে আঘাতের চিহ্ন এবং চোখেমুখে প্রতিশোধের ছাপ ফুটে উঠেছে। সিনেমাটিতে তাকে চ্যালেঞ্জিং ও মারকুটে চরিত্রে দেখা যাবে, যা রাশমিকার ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী পারফরম্যান্স হিসেবে দাবি করা হচ্ছে।
নির্মাতা রবীন্দ্র পুল্লে পোস্টার শেয়ার করে লিখেছেন, “তিনি মায়া দিয়ে শাসন করেছেন, লাবণ্য দিয়ে জয় করেছেন; এবার আসছেন রণচণ্ডী মূর্তিতে। রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে বিধ্বংসী পারফরম্যান্স দেখার জন্য তৈরি হোন।”
‘মাইসা’ আনফর্মুলা ফিল্মসের প্রযোজনায় এবং রবীন্দ্র পুল্লের পরিচালনায় নির্মিত একটি অ্যাকশন ঘরানার সিনেমা, যা মূলত উপজাতীয় পটভূমিতে সেট করা। সিনেমাটি ২০২৬ সালে মুক্তির জন্য নির্ধারিত।
এদিকে ব্যক্তিগত জীবনে রাশমিকা সম্প্রতি বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন। ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে দীর্ঘদিনের প্রেমিক ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর ৪ মার্চ হায়দরাবাদে চলচ্চিত্র অঙ্গনের বন্ধুদের জন্য বিবাহোত্তর সংবর্ধনার আয়োজনও করেন তারা।
রাশমিকার বিবাহোত্তর আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করতে ভারতজুড়ে মিষ্টি বিতরণ এবং বিভিন্ন মন্দিরে অন্নদানও করেছেন বিজয়-রাশমিকা।