ইপেপার / প্রিন্ট
ঈদে মুক্তি পাওয়া আজমান রুশোর সিনেমা ‘রকস্টার’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তবে ছবিতে তার কণ্ঠে গান শোনা না গেলেও সংগীতশিল্পী আহমেদ হাসান সানির লেখা, সুর ও কণ্ঠে তৈরি গানেই ঠোঁট মেলাতে দেখা গেছে তাকে। ফলে ছবিতে শাকিবের কণ্ঠ না থাকায় দর্শকদের মধ্যে কিছুটা অপূর্ণতার অনুভূতিও তৈরি হয়েছিল।
তবে সেই অপূর্ণতা এবার অনেকটাই ঘুচে গেল। সম্প্রতি ছবির অপ্রকাশিত গান ‘আমি’ একসঙ্গে গাইলেন শাকিব খান ও সানি। প্রযোজকের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে দুইজনকে এক মঞ্চে গান পরিবেশন করতে দেখা যায়।
সানি জানান, তিনি অনুষ্ঠানে একের পর এক গান পরিবেশন করছিলেন। এক পর্যায়ে তিনি মঞ্চে ডাকেন শাকিব খানকে। শাকিব সেই আহ্বানে সাড়া দিয়ে মঞ্চে ওঠেন এবং সানির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গানটি পরিবেশন করেন।
তিনি আরও বলেন, শাকিব খান হৃদয় দিয়ে গানটি গেয়েছেন এবং গান পরিবেশনের মুহূর্তটি ছিল অত্যন্ত আনন্দময়। শাকিব নিজেও গান ও সানির কাজের প্রশংসা করেন বলে জানান তিনি।
সামাজিক মাধ্যমে এই পারফরম্যান্স ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে দুই তারকার এই মিলনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
উল্লেখ্য, ‘আমি’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। গানটি এখনও ইউটিউবে প্রকাশিত হয়নি, তবে শিগগিরই প্রকাশের পাশাপাশি ছবির সব গান নিয়ে একটি জুকবক্স প্রকাশ করা হবে বলে জানা গেছে।