ঢাকা থেকে জামালপুরে একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ফারিন খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, গত ১৩ তারিখ গভীর রাতে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে তাকে হেনস্তা ও ধর্ষণের চেষ্টা করা হয়।
ফারিন জানান, রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে বাধ্য হয়ে তিনি একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে প্রবেশ করেন। কয়েক মিনিট পর তার মনে হয়, পেছনে কেউ অবস্থান করছে। পরে ঘুরে তাকিয়ে তিনি ভেন্টিলেটরের কাছে দুটি হাত দেখতে পান। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত চিৎকার করলে সম্ভাব্য বড় বিপদ এড়ানো সম্ভব হয় বলে দাবি করেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তার চিৎকার শুনে গাড়িচালক এগিয়ে এসে সন্দেহভাজন ব্যক্তিকে ধরার চেষ্টা করলে তিনি পালিয়ে যান। ঘটনাটি নিয়ে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন বলেও উল্লেখ করেন ফারিন।
নিজের পোস্টে তিনি দেশের নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। কর্মজীবী নারীদের এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার বাস্তবতা তুলে ধরে তিনি নারী নিরাপত্তা ও বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।