প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শামা ওবায়েদ ইসলাম-কে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করে। এতে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র দপ্তরের নেতৃত্বে থাকছেন খলিলুর রহমান এবং তাকে সহযোগিতা করবেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
খলিলুর রহমান ২০২৪ সালের নভেম্বরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান। পরে ২০২৫ সালের এপ্রিলে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়। কূটনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অন্যদিকে, শামা ওবায়েদ ইসলাম বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য হিসেবে বিগত সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে দলটির হয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।
নতুন সরকারের কূটনৈতিক অগ্রাধিকার হিসেবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, প্রবাসী কল্যাণ এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানকে গুরুত্ব দেওয়া হতে পারে বলে কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে।








