ইপেপার / প্রিন্ট
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতি, লুটপাট, বিদেশে টাকা পাচার, ব্যাংকের টাকা লোপাট, অপচয় বন্ধ করতে পারলে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য মজুরি দেওয়া সম্ভব। নিত্যপণ্যের উচ্চমূল্য শ্রমিক ও দেশের জনগণের জন্য অভিশাপ। বুধবার (১ মে) দুপুরে মহান মে দিবস উপলক্ষ্যে জাসদ চত্বরে শ্রমিক সমাবেশ ও সমাবেশ শেষে লাল পতাকা মিছিল শেষে এসব কথা বলেন তিনি৷
ইনু বলেন, বাজার সিন্ডিকেট দমন ও ধ্বংস, বিদেশে টাকা পাচার বন্ধ, ব্যাংকের অর্থলোপাটকারীদের শাস্তি নিশ্চিত করা, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করে শ্রমিক ও জনগণকে এ অভিশাপ থেকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, দুর্নীতি, লুটপাট, বিদেশে টাকা পাচার, ব্যাংকের টাকা লোপাট, অপচয় বন্ধ করে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে বিশেষ অতিথির বক্তব্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, শ্রম কখনও সস্তা নয়, শ্রমিক দয়ার পাত্র না।
স্বাধীনতার এত বছর পরেও আমরা কর্মস্থলে, নারী ও পুরুষ শ্রমিকের সমকাজে সমমজুরি নিশ্চিত করতে পারিনি। শ্রমিক জোটের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে, শ্রমিকের ৮ ঘণ্টা বিশ্রাম ও ৮ ঘণ্টা বিনোদন নিশ্চিত করা; বাজার দর ও জীবন-যাপন অনুযায়ী জাতীয় নূন্যতম মজুরি আইন করে বাস্তবায়ন করা; দুর্যোগে কর্মহীন শ্রমিকের ভাত-কাপড় নিশ্চিত করার জন্য আইনি কাঠামো তৈরি করা; শিল্প কলকারখানায় রেশনিং ব্যবস্থা চালু করা; কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা; আইএলও কনভেনশন ১৮৯/কনভেনশন ১৯০ অনুসমর্থন করার জন্য সরকারে প্রতি দাবি জানিয়েছেন।