ইপেপার / প্রিন্ট
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) শেরানি জেলার ধনাসর এলাকায় খাইবার পাখতুনখোয়া সীমান্ত অতিক্রম করার সময় পেশোয়ারগামী বাসটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়।
বেলুচিস্তান সরকারের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহীদ রিন্দ জানান, প্রাথমিক প্রতিবেদনে অন্তত ৪০ জন নিহত এবং আটজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে। এ ঘটনায় বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া—উভয় প্রদেশের প্রশাসন, উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট বিভাগ যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
শেরানির ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলেও পথে বিকল হয়ে যাওয়া অন্য একটি বাসের যাত্রীদেরও এতে তোলা হয়েছিল।
খাইবার পাখতুনখোয়ার উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। আহত আটজনকে ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহও সেখানে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও শোক প্রকাশ করে জানিয়েছেন, উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।