ইপেপার / প্রিন্ট
দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার টাইটেল গান। নায়কের লুক, অঙ্গভঙ্গি ও চরিত্রের মেজাজের সঙ্গে গানটি মানানসই হয়েছে বলে মনে করছেন ভক্তরা।
‘তুফান’ সিনেমার এই টাইটেল গানটির অন্যতম কৃতিত্ব সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজের। বলা যায়, ‘তুফান’ শিরোনামের গান তৈরি করে ঝড় তুলেছেন তিনি!
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার টিজারে গানটির কিছু অংশ শোনা গেছে। গত ৬ জুন রাতে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড, আন্তর্জাতিক পরিবেশক এসভিএফ ও ডিজিটাল পার্টনার চরকির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে একসঙ্গে প্রকাশিত হয়েছে পুরো গানের ভিডিও। এরপর থেকে শাকিবিয়ানসহ দর্শকরা অনলাইনে এটি নিয়ে মেতেছেন।
নাভেদ পারভেজের সুর-সংগীতে রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার টাইটেল গানও শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আবার একই পরিচালকের সিনেমার টাইটেল গানে সফল হলেন আমেরিকা প্রবাসী এই তরুণ সুরকার।
২ মিনিট ১৩ সেকেন্ড দৈর্ঘ্যের গান ‘তুফান’ গেয়েছেন আরিফ রহমান জয়। এতে র্যাপ করেছেন রাপাস্তা দাদু। কথা লিখেছেন তাহসান শুভ।